আমার যা আছে আমি সকল দিতে পারি নি তোমারে নাথ-- আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুখ ভাবনা ॥ মাঝে রয়েছে আবরণ কত শত, কতমতো-- তাই কেঁদে ফিরি, তাই তোমারে না পাই, মনে থেকে যায় তাই হে মনের বেদনা ॥ যাহা রেখেছি তাহে কী সুখ-- তাহে কেঁদে মরি, তাহে ভেবে মরি। তাই দিয়ে যদি তোমারে পাই কেন তা দিতে পারি না? আমার জগতের সব তোমারে দেব, দিয়ে তোমায় নেব-- বাসনা ॥
দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে, দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে॥ হায় রে সে কাল হায় রে কখন চলে যায় রে আজ এ কালের মরীচিকায় নতুন মায়ায় ভাসিতে॥ যে মহাকাল দিন ফুরালে আমার কুসুম ঝরালো সেই তোমারি তরুণ ভালে ফুলের মালা পরালো। শুনিয়ে শেষের কথা সে কাঁদিয়ে ছিল হতাশে, তোমার মাঝে নতুন সাজে শূন্য আবার ভরালো। আমরা খেলা খেলেছিলেম, আমরাও গান গেয়েছি। আমরাও পাল মেলেছিলেম, আমরা তরী বেয়েছি। হারায় নি তা হারায় নি বৈতরণী পারায় নি-- নবীন চোখের চপল আলোয় সে কাল ফিরে পেয়েছি।