এ কী আনন্দ, আহা-- হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ। দুঃখ আমার আজি হল যে ধন্য, মৃত্যুগহনে লাগে অমৃতসুগন্ধ। এলে কারাগারে রজনীর পারে উষাসম মুক্তিরূপা অয়ি লক্ষ্ণী দয়াময়ী।
তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে? আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে সব চেয়ে ॥ ভাঙিলে হাট দলে দলে সবাই যাবে ঘরে চলে আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে ॥ দেখি সন্ধ্যাবেলা ও পার-পানে তরণী যাও বেয়ে। দেখে মন যে আমার কেমন করে, ওঠে যে গান গেয়ে ওগো খেয়ার নেয়ে ॥ কালো জলের কলকলে আঁখি আমার ছলছলে, ও পার হতে সোনার আভা পরান ফেলে ছেয়ে। দেখি তোমার মুখে কথাটি নাই ওগো খেয়ার নেয়ে-- কী যে তোমার চোখে লেখা আছে দেখি যে সব চেয়ে ওগো খেয়ার নেয়ে। আমার মুখে ক্ষণতরে যদি তোমার আঁখি পড়ে আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে ওগো খেয়ার নেয়ে ॥