শোনো শোনো আমাদের ব্যথা দেবদেব, প্রভু, দয়াময়— আমাদের ঝরিছে নয়ন, আমাদের ফাটিছে হৃদয় ।। চিরদিন আঁধার না রয়— রবি উঠে, নিশি দূর হয়— এ দেশের মাথার উপরে এ নিশীথ হবে না কি ক্ষয় । চিরদিন ঝরিবে নয়ন ? চিরদিন ফাটিবে হৃদয় ?। মরমে লুকানো কত দুখ, ঢাকিয়া রয়েছি ম্লান মুখ— কাঁদিবার নাই অবসর— কথা নাই, শুধু ফাটে বুক । সঙ্কোচে ম্রিয়মাণ প্রাণ, দশ দিশি বিভীষিকাময়— হেন হীন দীনহীন দেশে বুঝি তব হবে না আলয় । চিরদিন ঝরিবে নয়ন, চিরদিন ফাটিবে হৃদয় ।। কোনো কালে তুলিব কি মাথা । জাগিবে কি অচেতন প্রাণ । ভারতের প্রভাতগগনে উঠিবে কি তব জয়গান । আশ্বাসবচন কোনো ঠাঁই কোনোদিন শুনিতে না পাই— শুনিতে তোমার বাণী তাই মোরা সবে রয়েছি চাহিয়া । বলো, প্রভু, মুছিবে এ আঁখি, চিরদিন ফাটিবে না হিয়া ।।
আমার কী বেদনা সে কি জানো ওগো মিতা, সুদূরের মিতা। বর্ষণনিবিড় তিমিরে যামিনী বিজুলি-সচকিতা॥ বাদল-বাতাস ব্যেপে আমার হৃদয় উঠিছে কেঁপে-- সে কি জানো তুমি জানো। উৎসুক এই দুখজাগরণ এ কি হবে বৃথা ওগো মিতা, সুদূরের মিতা, আমার ভবনদ্বারে রোপিলে যারে সেই মালতী আজি বিকশিতা--সে কি জানো। যারে তুমিই দিয়েছ বাঁধি আমার কোলে সে উঠিছে কাঁদি--সে কি জানো তুমি জানো। সেই তোমার বীণা বিস্মৃতা॥