আমরা চিত্র অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। আমাদের যুদ্ধ নহে কেহ ক্রুদ্ধ। ওই দেখো গোলাম অতিশয় মোলাম। নাহি কোনো অস্ত্র খাকি-রাঙা বস্ত্র। নাহি লোভ, নাহি ক্ষোভ। নাহি লাফ, নাহি ঝাঁপ। যথারীতি জানি, সেই মতো মানি। কে তোমার শত্রু, কে তোমার মিত্র। কে তোমার টক্কা, কে তোমার ফক্কা।।
আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে। আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ॥ আমার অনেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন-হাওয়া, হৃদয় আমার আকুল করে সুগন্ধধন লুটবে ॥ আমার লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধন, যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন। আমার বন্ধু যখন রাত্রিশেষে পরশ তারে করবে এসে, ফুরিয়ে গিয়ে দলগুলি সব চরণে তার লুটবে ॥