ওগো সখী, দেখি, দেখি মন কোথা আছে। কত কাতর হৃদয় ঘুরে ঘুরে, হেরো কারে যাচে। কী মধু কী সুধা কী সৌরভ, কী রূপ রেখেছ লুকায়ে। কোন্ প্রভাতে কোন্ রবির আলোকে দিবে খুলিয়ে কাহার কাছে। সে যদি না আসে এ জীবনে, এ কাননে পথ না পায়! যারা এসেছে তারা বসন্ত ফুরালে নিরাশ প্রাণে ফেরে পাছে!
অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে॥ সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে-- রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে॥ ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে স্বপ্নে পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে-- বৃষ্টিধারার ঝরোঝরে ঝাউবাগানের মরোমরে ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে॥