প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলে মিলনমালার ডোর ছিঁড়িয়া ফেলে॥ পড়ে যা রহিল পিছে সব হয়ে গেল মিছে, বসে আছি দূর-পানে নয়ন মেলে॥ একে একে ধূলি হতে কুড়ায়ে মরি যে ফুল বিদায়পথে পড়িছে ঝরি। ভাবি নি রবে না লেশ সে দিনের অবশেষ-- কাটিল ফাগুনবেলা কী খেলা খেলে॥
আর কেন, আর কেন, দলিত কুসুমে বহে বসন্ত-সমীরণ। ফুরায়ে গিয়াছে বেলা, এখন এ মিছে খেলা, নিশান্তে মলিন দীপ কেন জ্বলে অকারণ। অশ্রু যবে ফুরায়েছে তখন মুছাতে এলে, অশ্রুভরা হাসিভরা নবীন নয়ন ফেলে। এই লও, এই ধরো, এ মালা তোমরা পরো, এ খেলা তোমরা খেলো, সুখে থাকো অনুক্ষণ।