গান আমার যায় ভেসে যায়---- চাস্ নে ফিরে, দে তারে বিদায়॥ সে যে দখিনহাওয়ায় মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা, সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায়॥ কাঁদন-হাসির আলোছায়া সারা অলস বেলা-- মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা। ভুলে-যাওয়ার বোঝাই ভরি গেল চলে কতই তরী-- উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়॥
কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি। আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি॥ ভালোবেসেছিনু এই ধরণীরে সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে, কত বসন্তে দখিনসমীরে ভরেছে আমারি সাজি॥ নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কেবা করে হাহাকার-- সুর তবু লেগেছিল বারে-বার মনে পড়ে তাই আজি॥