দুঃখ এ নয়, সুখ নহে গো-- গভীর শান্তি এ যে, আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে। ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারে সাথে করে নিল আমায় জন্মমরণপারে-- এল পথিক সেজে। দুঃখ এ নয়, সুখ নহে গো-- গভীর শান্তি এ যে। চরণে তার নিখিল ভুবন নীরব গগনেতে আলো-আঁধার আঁচলখানি আসন দিল পেতে। এত কালের ভয় ভাবনা কোথায় যে যায় সরে, ভালোমন্দ ভাঙাচোরা আলোয় ওঠে ভরে, কালিমা যায় মেজে। দুঃখ এ নয়, সুখ নহে গো-- গভীর শান্তি এ যে।
কাহারে জড়াতে চাহে দুটি বাহুলতা, কাহারে কাঁদিয়া বলে "যেয়ো না যেয়ো না।' কেমনে প্রকাশ করে ব্যাকুল বাসনা, কে শুনেছে বাহুর নীরব আকুলতা ! কোথা হতে নিয়ে আসে হৃদয়ের কথা, গায়ে লিখে দিয়ে যায় পুলক-অক্ষরে। পরশে বহিয়া আনে মরমবারতা, মোহ মেখে রেখে যায় প্রাণের ভিতরে। কণ্ঠ হতে উতারিয়া যৌবনের মালা দুইটি আঙুলে ধরি তুলি দেয় গলে। দুটি বাহু বহি আনে হৃদয়ের ডালা, রেখে দিয়ে যায় যেন চরণের তলে। লতায়ে থাকুক বুকে চির-আলিঙ্গন, ছিঁড়ো না ছিঁড়ো না দুটি বাহুর বন্ধন।