বারেক ভালোবেসে যে জন মজে দেবতাসম সেই ধন্য, দ্বিতীয়বার পুন প্রেমে যে পড়ে মূর্খের অগ্রগণ্য। আমিও সে দলের মূর্খরাজ দুবার প্রেমপাশে পড়ি; তপন শশী তারা হাসিয়া মরে, আমিও হাসি-- আর মরি।
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো ক'রে কাছি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে; রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রূকুটিতে; দাও ছেড়ে দাও ওগো, আমি তুফান পেলে বাঁচি।