হোক খেলা, এ খেলায় যোগ দিতে হবে আনন্দকল্লোলাকুল নিখিলের সনে। সব ছেড়ে মৌনী হয়ে কোথা বসে রবে আপনার অন্তরের অন্ধকার কোণে! জেনো মনে শিশু তুমি এ বিপুল ভবে অনন্ত কালের কোলে, গগনপ্রাঙ্গণে-- যত জান মনে কর কিছুই জান না। বিনয়ে বিশ্বাসে প্রেমে হাতে লহ তুলি বর্ণগন্ধগীতময় যে মহা-খেলনা তোমারে দিয়াছে মাতা; হয় যদি ধূলি হোক ধূলি, এ ধূলির কোথায় তুলনা! থেকো না অকালবৃদ্ধ বসিয়া একেলা-- কেমনে মানুষ হবে না করিলে খেলা!
কোথায় যেতে ইচ্ছে করে শুধাস কি, মা, তাই? যেখান থেকে এসেছিলেম সেথায় যেতে চাই। কিন্তু সে যে কোন্ জায়গা ভাবি অনেকবার। মনে আমার পড়ে না তো একটুখানি তার। ভাবনা আমার দেখে, বাবা বললে সেদিন হেসে "সে-জায়গাটি মেঘের পারে সন্ধ্যাতারার দেশে।" তুমি বল, "সে-দেশখানি মাটির নিচে আছে, যেখান থেকে ছাড়া পেয়ে ফুল ফোটে সব গাছে।" মাসি বলে, "সে দেশ আমার আছে সাগরতলে,-- যেখানেতে আঁধার ঘরে লুকিয়ে মানিক জ্বলে।" দাদা আমার চুল টেনে দেয়, বলে, "বোকা ওরে, হাওয়ায় সে-দেশ মিলিয়ে আছে দেখবি কেমন করে?" আমি শুনে ভাবি, আছে সকল জায়গাতেই। সিধু মাস্টার বলে শুধু "কোনোখানেই নেই।"