প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই নীড়বিরাগী হৃদয় আমার উধাও হল সেই ॥ নীল অতলের কোথা থেকে উদাস তারে করল যে কে গোপনবাসী সেই উদাসীর ঠিক-ঠিকানা নেই ॥ "সুপ্তিশয়ন আয় ছেড়ে আয়' জাগে যে তার ভাষা, সে বলে "চল্ আছে যেথায় সাগরপারের বাসা'। দেশ-বিদেশের সকল ধারা সেইখানে হয় বাঁধনহারা কোণের প্রদীপ মিলায় শিখা জ্যোতিসমুদ্রেই ॥
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে ॥ যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে-- এই নিরালায় রব আপন কোণে। যাব না এই মাতাল সমীরণে ॥ আমার এ ঘর বহু যতন ক'রে ধুতে হবে মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের এই মাতাল সমীরণে ॥