আমার আঁধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে ॥ আলোরে যে লোপ ক'রে খায় সেই কুয়াশা সর্বনেশে ॥ অবুঝ শিশু মায়ের ঘরে সহজ মনে বিহার করে, অভিমানী জ্ঞানী তোমার বাহির দ্বারে ঠেকে এসে ॥ তোমার পথ আপনায় আপনি দেখায়, তাই বেয়ে, মা, চলব সোজা। যারা পথ দেখাবার ভিড় করে গো তারা কেবল বাড়ায় খোঁজা-- ওরা ডাকে আমায় পূজার ছলে, এসে দেখি দেউল-তলে-- আপন মনের বিকারটারে সাজিয়ে রাখে ছদ্মবেশে ॥
যদি আসে তবে কেন যেতে চায়। দেখা দিয়ে তবে কেন গো লুকায়॥ চেয়ে থাকে ফুল হৃদয় আকুল-- বায়ু বলে এসে 'ভেসে যাই'। ধরে রাখো, ধরে রাখো-- সুখপাখি ফাঁকি দিয়ে উড়ে যায়॥ পথিকের বেশে সুখনিশি এসে বলে হেসে হেসে 'মিশে যাই'। জেগে থাকো, সখী, জেগে থাকো-- বরষের সাধ নিমেষে মিলায়॥