সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ’রে। হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলনঘোরে।। চিরজীবন আমার বীণা-তারে তোমার আঘাত লাগল বারে বারে, তাই তো আমার নানা সুরের তানে প্রাণে তোমার পরশ নিলেম ধ’রে।। আজ তো আমি ভয় করি নে আর লীলা যদি ফুরায় হেথাকার। নূতন আলোয় নূতন অন্ধকারে লও যদি বা নূতন সিন্ধুপারে তবু তুমি সেই তো আমার তুমি– আবার তোমায় চিনব নূতন ক’রে।।
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-- আমার ব্যথার পূজা হয় নি সমাপন ॥ যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে, সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন-- আমার ব্যথার পূজা হবে সমাপন ॥ অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভ'রে। যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা, অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন-- আমার ব্যথার পূজা হবে সমাপন ॥
যে ছিল আমার স্বপনচারিণী তারে বুঝিতে পারি নি— দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে। শুভক্ষনে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো— তোমারে সহজে পেরেছি বুঝিতে। কে মোরে ফিরাবে অনাদরে কে মোরে ডাকিবে কাছে, কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে— এ নিরন্তর সংশয়ে আর পারি নে যুঝিতে। তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥