সে আমার গোপন কথা শুনে যা ও সখী! ভেবে না পাই বলব কী॥ প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে, গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি॥ সে যেন আসবে আমার মন বলেছে, হাসির 'পরে তাই তো চোখের জল গলেছে। দেখ্ লো তাই দেয় ইশারা তারায় তারা, চাঁদ হেসে ওই হল সারা তাহাই লখি॥
দাঁড়াও, কোথা চলো, তোমরা কে বলো বলো। আমরা আহিরিনী, সারা হল বিকিকিনি-- দূর গাঁয়ে চলি ধেয়ে আমরা বিদেশী মেয়ে। ঘাটে বসে হোথা ও কে। সাথী মোদের ও যে নেয়ে-- যেতে হবে দূর পারে, এনেছি তাই ডেকে তারে। নিয়ে যাবে তরী বেয়ে সাথী মোদের ও যে নেয়ে-- ওগো প্রহরী,বাধা দিয়ো না, বাধা দিয়ো না, মিনতি করি, ওগো প্রহরী।