আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসরমত বাসিয়ো। নিশিদিন হেথায় বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিয়ো ॥ আমি সারানিশি তোমা-লাগিয়া রব বিরহশয়নে জাগিয়া-- তুমি নিমেষের তরে প্রভাতে এসে মুখপানে চেয়ে হাসিয়ো ॥ তুমি চিরদিন মধুপবনে চির- বিকশিত বনভবনে যেয়ো মনোমত পথ ধরিয়া তুমি নিজ সুখস্রোতে ভাসিয়ো। যদি তার মাঝে পড়ি আসিয়া তবে আমিও চলিব ভাসিয়া, যদি দূরে পড়ি তাহে ক্ষতি কী-- মোর স্মৃতি মন হতে নাশিয়ো ॥
ফল ফলাবার আশা আমি মনে রাখি নি রে। আজ আমি তাই মুকুল ঝরাই দক্ষিণসমীরে॥ বসন্তগান পাখিরা গায়, বাতাসে তার সুর ঝরে যায়-- মুকুল-ঝরার ব্যাকুল খেলা আমারি সেই রাগিণীরে॥ জানি নে ভাই, ভাবি নে তাই কী হবে মোর দশা যখন আমার সারা হবে সকল ঝরা খসা। এই কথা মোর শূন্য ডালে বাজবে সে দিন তালে তালে-- "চরম দেওয়ায় সব দিয়েছি মধুর মধুযামিনীরে'॥