এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায় আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়। শুকনো ঘাসে শূন্য বনে আপন-মনে অনাদরে অবহেলায় আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥ দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেম রাতে সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে। যখন আমার ও-পার থেকে গেল ডেকে ভেসেছিলেম ভাঙা ভেলায়। আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥
অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে। কখন্ তুমি এলে, হে নাথ, মৃদু চরণপাতে?। ভেবেছিলেম, জীবনস্বামী, তোমায় বুঝি হারাই আমি-- আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে ॥ যে নিথীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো। তোমার পথে চলা যখন ঘুচে গেল, দেখি তখন আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে ॥