ওকে ধরিলে তো ধরা দেবে না-- ওকে দাও ছেড়ে, দাও ছেড়ে। মন নাই যদি দিল, নাই দিল, মন নেয় যদি নিক কেড়ে॥ এ কী খেলা মোরা খেলেছি, শুধু নয়নের জল ফেলেছি-- ওরই জয় যদি হয় জয় হোক, মোরা হারি যদি, যাই হেরে॥ এক দিন মিছে আদরে মনে গরব সোহাগ না ধরে, শেষে দিন না ফুরাতে ফুরাতে সব গরব দিয়েছে সেরে। ভেবেছিনু ওকে চিনেছি, বুঝি বিনা পণে ওকে কিনেছি-- ও যে আমাদেরি কিনে নিয়েছে, ও যে, তাই আসে, তাই ফেরে॥
এখনো কেন সময় নাহি হল নাম-না-জানা অতিথি— আঘাত হানিলে না দুয়ারে, কহিলে না ‘দ্বার খোলো’। হাজার লোকের মাঝে রয়েছি একেলা যে, এসো আমার হঠাৎ-আলো— পরান চমকি তোলো। আঁধার-বাধা আমার ঘরে, জানি না কাঁদি কাহার তরে। চরণসেবার সাধনা আনো, সকল দেবার বেদনা আনো, নবীন প্রানের জাগরমন্ত্র কানে কানে বোলো।।