কোন্ সুদূর হতে আমার মনোমাঝে বাণীর ধারা বহে-- আমার প্রাণে প্রাণে। আমি কখন্ শুনি, কখন্ শুনি না যে, কখন্ কী যে কহে-- আমার কানে কানে॥ আমার ঘুমে আমার কোলাহলে আমার আঁখি-জলে তাহারি সুর, তাহারি সুর জীবন-গুহাতলে গোপন গানে রহে-- আমার কানে কানে॥ কোন্ ঘন গহন বিজন তীরে তীরে তাহার ভাঙা গড়া-- ছায়ার তলে তলে। আমি জানি না কোন্ দক্ষিণসমীরে তাহার ওঠা পড়া-- ঢেউয়ের ছলোছলে। এই ধরণীরে গগন-পারের ছাঁদে সে যে তারার সাথে বাঁধে, সুখের সাথে দুখ মিলায়ে কাঁদে 'এ নহে এই নহে-- নহে নহে, এ নহে এই নহে'-- কাঁদে কানে কানে॥
আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে, কভু পাই বা কভু না পাই যে বন্ধুরে, যেন এই কথাটি বাজে মনের সুরে-- তুমি আমার কাছে এসেছ ॥ কভু মধুর রসে ভরে হৃদয়খানি, কভু নিঠুর বাজে প্রিয়মুখের বাণী, তবু নিত্য যেন এই কথাটি জানি-- তুমি স্নেহের হাসি হেসেছ ॥ ওগো কভু সুখের কভু দুখের দোলে মোর জীবন জুড়ে কত তুফান তোলে, যেন চিত্ত আমার এই কথা না ভোলে-- তুমি আমায় ভালোবেসেছ। যবে মরণ আসে নিশীথে গৃহদ্বারে যবে পরিচিতের কোল হতে সে কাড়ে, যেন জানি গো সেই অজানা পারাবারে এক তরীতে তুমিও ভেসেছ ॥