হল না লো, হল না, সই, হায়-- মরমে মরমে লুকানো রহিল, বলা হল না। বলি বলি বলি তারে কত মনে করিনু-- হল না লো, হল না সই॥ না কিছু কহিল, চাহিয়া রহিল, গেল সে চলিয়া, আর সে ফিরিল না। ফিরাব ফিরাব ব'লে কত মনে করিনু-- হল না লো, হল না সই॥
সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ’রে। হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলনঘোরে।। চিরজীবন আমার বীণা-তারে তোমার আঘাত লাগল বারে বারে, তাই তো আমার নানা সুরের তানে প্রাণে তোমার পরশ নিলেম ধ’রে।। আজ তো আমি ভয় করি নে আর লীলা যদি ফুরায় হেথাকার। নূতন আলোয় নূতন অন্ধকারে লও যদি বা নূতন সিন্ধুপারে তবু তুমি সেই তো আমার তুমি– আবার তোমায় চিনব নূতন ক’রে।।