তুমি ডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানে না, আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না ॥ ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না ॥ বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না ॥
প্রহরী, ওগো প্রহরী, লহো লহো লহো মোরে বাঁধি। বিদেশী নহে সে তব শাসনপাত্র, আমি একা অপরাধী। তুমিই করেছ তবে চুরি? এই দেখো রাজ-অঙ্গুরী-- রাজ-আভরণ দেহে করেছি ধারণ আজি, সেই পরিতাপে আমি কাঁদি।