দখিন-হাওয়া, জাগো জাগো, জাগাও আমার সুপ্ত এ প্রাণ। আমি বেণু, আমার শাখায় নীরব-যে হায় কত-না গান। জাগো জাগো॥ পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধনহারা, নৃত্য তোমার চিত্তে আমার মুক্তিদোলা করে যে দান। জাগো জাগো॥ গানের পাখা যখন খুলি বাধা-বেদন তখন ভুলি। যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে বন্ধভাঙার ছন্দে আমার মৌন-কাঁদন হয় অবসান। জাগো জাগো॥
আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো আমার চোখের 'পরে আভাস দিয়ে যখনি যাও গো ॥ রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশিরখানি, আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গো ॥ আমার উদাস হৃদয় যখন আসে বাহির-পানে আপনাকে যে দেয় ধরা সে সকলখানে। কচি পাতা প্রথম প্রাতে কী কথা কয় আলোর সাথে, আমার মনের আপন কথা বলে যে তাও গো ॥