এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি। কেউ বা আসে এ পারে, কেউ পারের ঘাটে দেয় রে পাড়ি ॥ পথিকেরা বাঁশি ভ'রে যে সুর আনে সঙ্গে ক'রে তাই যে আমার দিবানিশি সকল পরান লয় রে কাড়ি ॥ কার কথা যে জানায় তারা জানি নে তা, হেথা হতে কী নিয়ে বা যায় রে সেথা। সুরের সাথে মিশিয়ে বাণী দুই পারের এই কানাকানি, তাই শুনে যে উদাস হিয়া চায় রে যেতে বাসা ছাড়ি ॥
ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে ॥ আমার ঘুমের দুয়ার ঠেলে কে সেই খবর দিল মেলে-- জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে ॥ মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে। মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে। হৃদয় যেন শিশিরনত ফুটল পূজার ফুলের মতো-- জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে ॥