আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে ॥ বাহুপাশের কাঙাল সে যে, চলেছে তাই সকল ত্যেজে, কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে ॥ আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে-- সেই গানের টানে পারো না আর রইতে দূরে। লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি-সম, বাহির হয়ে এসো তুমি অন্ধকারে ॥
তুমি কোন্ পথে যে এলে পথিক আমি দেখি নাই তোমারে। হঠাৎ স্বপন-সম দেখা দিলে বনেরই কিনারে॥ ফাগুনে যে বাণ ডেকেছে মাটির পাথারে। তোমার সবুজ পালে লাগল হাওয়া, এলে জোয়ারে। ভেসে এলে জোয়ারে-- যৌবনের জোয়ারে॥ কোন্ দেশে যে বাসা তোমার কে জানে ঠিকানা। কোন্ গানের সুরের পারে তার পথের নাই নিশানা। তোমার সেই দেশেরই তরে আমার মন যে কেমন করে-- তোমার মালার গন্ধে তারি আভাস আমার প্রাণে বিহারে॥
মনে যে আশা লয়ে এসেছি হল না, হল না হে। ওই মুখপানে চেয়ে ফিরিনু লুকাতে আঁখিজল, বেদনা রহিল মনে মনে॥ তুমি কেন হেসে চাও, হেসে যাও হে, আমি কেন কেঁদে ফিরি-- কেন আমি কম্পিত হৃদয়খানি, কেন যাও দূরে না দেখে॥