ফুলের মতন আপনি ফুটাও গান, হে আমার নাথ, এই তো তোমার দান। ওগো সে ফুল দেখিয়া আনন্দে আমি ভাসি, আমার বলিয়া উপহার দিতে আসি, তুমি নিজ হাতে তারে তুলে লও স্নেহে হাসি, দয়া করে প্রভু রাখো মোর অভিমান। তার পরে যদি পূজার বেলার শেষে এ গান ঝরিয়া ধরার ধুলায় মেশে, তবে ক্ষতি কিছু নাই-- তব করতলপুটে অজস্র ধন কত লুটে কত টুটে, তারা আমার জীবনে ক্ষণকালতরে ফুটে, চিরকালতরে সার্থক করে প্রাণ।
মুক্ত করো, মুক্ত করো নিন্দা-প্রশংসার দুশ্ছেদ্য শৃঙ্খল হতে। সে কঠিন ভার যদি খসে যায় তবে মানুষের মাঝে সহজে ফিরিব আমি সংসারের কাজে-- তোমারি আদেশ শুধু জয়ী হবে নাথ। তোমার চরণপ্রান্তে করি প্রণিপাত তব দন্ড পুরস্কার অন্তরে গোপনে লইব নীরবে তুলি-- নিঃশব্দ গমনে চলে যাব কর্মক্ষেত্র-মাঝখান দিয়া বহিয়া অসংখ্য কাজে একনিষ্ঠ হিয়া, সঁপিয়া অব্যর্থ গতি সহস্র চেষ্টায় এক নিত্য ভক্তিবলে, নদী যথা ধায় লক্ষ লোকালয়-মাঝে নানা কর্ম সারি সমুদ্রের পানে লয়ে বন্ধহীন বারি।