বিচার করিয়ো না। যেখানে তুমি রয়েছ, সে তো জগতে এক কোণা। যেটুকু তব দৃষ্টি যায় সেটুকু কতখানি, যেটুকু শোন তাহার সাথে মিশাও নিজবাণী। মন্দ-ভালো সাদা ও কালো রাখিছ ভাগে ভাগে। সীমানা মিছে আঁকিয়া তোল আপন-রচা দাগে। সুরের বাঁশি যদি তোমার মনের মাঝে থাকে, চলিতে পথে আপন-মনে জাগায়ে দাও তাকে। গানের মাঝে তর্ক নাই, কাজের নাই তাড়া। যাহার খুশি চলিয়া যাবে, যে খুশি দিবে সাড়া। হ'ক-না তারা কেহ-বা ভালো কেহ-বা ভালো নয়, এক পথেরি পথিক তারা লহো এ পরিচয়। বিচার করিয়ো না। হায় রে হায়, সময় যায়, বৃথা এ আলোচনা। ফুলের বনে বেড়ার কোণে হেরো অপরাজিতা আকাশ হতে এনেছে বাণী, মাটির সে যে মিতা। ওই তো ঘাসে আষাঢ়মাসে সবুজে লাগে বান, -- সকল ধরা ভরিয়া দিল সহজ তার দান। আপনা ভুলি সহজ সুখে ভরুক তব হিয়া, পথিক, তব পথের ধন পথেরে যাও দিয়া।
আমি বিকাব না কিছুতে আর আপনারে। আমি দাঁড়াতে চাই সভার তলে সবার সাথে এক সারে। সকালবেলার আলোর মাঝে মলিন যেন না হই লাজে, আলো যেন পশিতে পায় মনের মধ্যে একবারে। বিকাব না, বিকাব না আপনারে। আমি বিশ্ব-সাথে রব সহজ বিশ্বাসে। আমি আকাশ হতে বাতাস নেব প্রাণের মধ্যে নিশ্বাসে। পেয়ে ধরার মাটির স্নেহ পুণ্য হবে সর্ব দেহ, গাছের শাখা উঠবে দুলে আমার মনের উল্লাসে। বিশ্বে রব সহজ সুখে বিশ্বাসে। আমি সবায় দেখে খুশি হব অন্তরে। কিছু বেসুর যেন বাজে না আর আমার বীণা-যন্তরে। যাহাই আছে নয়ন ভরি সবই যেন গ্রহণ করি, চিত্তে নামে আকাশ-গলা আনন্দিত মন্ত্র রে। সবায় দেখে তৃপ্ত রব অন্তরে।