চৈত্রের রাতে যে মাধবীমঞ্জরী ঝরে গেল, তারে কেন লও সাজি ভরি। সে শুধিছে তার ধুলায় চরম দেনা, আজ বাদে কাল যাবে না তো তারে চেনা। মরুপথে যেতে পিপাসার সম্বল গাগরি হইতে চলকিয়া পড়ে জল, সে জলে বালুতে ফল কি ফলাতে পারো? সে জলে কি তাপ মিটিবে কখনো কারো? যাহা দেওয়া নহে, যাহা শুধু অপচয়, তারে নিতে গেলে নেওয়া অনর্থ হয়। ক্ষতির ধনেরে ক্ষয় হতে দেওয়া ভালো, কুড়াতে কুড়াতে শুকায়ে সে হয় কালো। হায় গো ভাগ্য, ক্ষণিক করুণাভরে যে হাসি যে ভাষা ছড়ায়েছ অনাদরে, বক্ষে তাহারে সঞ্চয় করে রাখি-- ধুলা ছাড়া তার কিছুই রয় না বাকি। নিমেষে নিমেষে ফুরায় যাহার দিন চিরকাল কেন বহিব তাহার ঋণ? যাহা ভুলিবার তাহা নহে তুলিবার, স্বপ্নের ফুলে কে গাঁথে গলার হার! প্রতি পলকের নানা দেনাপাওনায় চলতি মেঘের রঙ বুলাইয়া যায় জীবনের স্রোতে; চলতরঙ্গতলে ছায়ার লেখন আঁকিয়া মুছিয়া চলে শিল্পের মায়া--নির্মম তার তুলি আপনার ধন আপনি সে যায় ভুলি। বিস্মৃতিপটে চিরবিচিত্র ছবি লিখিয়া চলেছে ছায়া-আলোকের কবি। হাসিকান্নার নিত্য-ভাসান খেলা বহিয়া চলেছে বিধাতার অবহেলা। নহে সে কৃপণ, রাখিতে যতন নাই, খেলাপথে তার বিঘ্ন জমে না তাই। মানো সেই লীলা, যাহা যায় যাহা আসে পথ ছাড়ো তারে অকাতরে অনায়াসে। আছে তবু নাই, তাই নাই তার ভার; ছেড়ে যেতে হবে, তাই তো মূল্য তার। স্বর্গ হইতে যে সুধা নিত্য ঝরে সে শুধু পথের, নহে সে ঘরের তরে। তুমি ভরি লবে ক্ষণিকের অঞ্জলি, স্রোতের প্রবাহ চিরদিন যাবে চলি।
রাগ কর নাই কর, শেষ কথা এসেছি বলিতে-- তোমার প্রদীপ আছে, নাইকো সলিতে। শিল্প তার মূল্যবান, দেয় না সে আলো, চোখেতে জড়ায় লোভ, মনেতে ঘনায় ছায়া কালো অবসাদে। তবু তারে প্রাণপণে রাখি যতনেই, ছেড়ে যাব তার পথ নেই। অন্ধকারে অন্ধদৃষ্টি নানাবিধ স্বপ্ন দিয়ে ঘেরে আচ্ছন্ন করিয়া বাস্তবেরে। অস্পষ্ট তোমারে যবে ব্যগ্রকণ্ঠে ডাক দিই অত্যুক্তির স্তবে তোমারে লঙ্ঘন করি সে-ডাক বাজিতে থাকে সুরে তাহারি উদ্দেশে আজো যে রয়েছে দূরে। হয়তো সে আসিবে না কভু, তিমিরে আচ্ছন্ন তুমি তারেই নির্দেশ কর তবু। তোমার এ দূত অন্ধকার গোপনে আমার ইচ্ছারে করিয়া পঙ্গু গতি তার করেছে হরণ, জীবনের উৎসজলে মিশায়েছে মাদক মরণ। রক্তে মোর যে-দুর্বল আছে শঙ্কিত বক্ষের কাছে তারেই সে করেছে সহায়, পশুবাহনের মতো মোহভার তাহারে বহায়। সে যে একান্তই দীন, মূল্যহীন, নিগড়ে বাঁধিয়া তারে আপনারে বিড়ম্বিত করিতেছ পূর্ণ দান হতে, এ প্রমাদ কখনো কি দেখিবে আলোতে। প্রেম নাহি দিয়ে যারে টানিয়াছ উচ্ছিষ্টের লোভে সে-দীন কি পার্শ্বে তব শোভে। কভু কি জানিতে পাবে অসম্মানে নত এই প্রাণ বহন করিছে নিত্য তোমারি আপন অসম্মান। আমারে যা পারিলে না দিতে সে-কার্পণ্য তোমারেই চিরদিন রহিল বঞ্চিতে।