সৃষ্টির চলেছে খেলা চারি দিক হতে শত ধারে কালের অসীম শূন্য পূর্ণ করিবারে। সম্মুখে যা কিছু ঢালে পিছনে তলায় বারে বারে; নিরন্তর লাভ আর ক্ষতি, তাহাতেই দেয় তারে গতি। কবির ছন্দের খেলা সেও থাকি থাকি নিশ্চিহ্ন কালের গায়ে ছবি আঁকা-আঁকি। কাল যায়, শূন্য থাকে বাকি। এই আঁকা-মোছা নিয়ে কাব্যের সচল মরীচিকা ছেড়ে দেয় স্থান, পরিবর্তমান জীবনযাত্রার করে চলমান টীকা। মানুষ আপন-আঁকা কালের সীমায় সান্ত্বনা রচনা করে অসীমের মিথ্যা মহিমায়, ভুলে যায় কত-না যুগের বাণীরূপ ভূমিগর্ভে বহিতেছে নিঃশব্দের নিষ্ঠুর বিদ্রূপ।
প্রভুগৃহ হতে আসিলে যেদিন বীরের দল সেদিন কোথায় ছিল যে লুকানো বিপুল বল। কোথায় বর্ম, অস্ত্র কোথায়, ক্ষীণ দরিদ্র অতি অসহায়, চারি দিক হতে এসেছে আঘাত অনর্গল, প্রভুগৃহ হতে আসিলে যেদিন বীরের দল। প্রভুগৃহমাঝে ফিরিলে যেদিন বীরের দল সেদিন কোথায় লুকাল আবার বিপুল বল। ধনুশর অসি কোথা গেল খসি, শান্তির হাসি উঠিল বিকশি; চলে গেলে রাখি সারা জীবনের সকল ফল, প্রভুগৃহমাঝে ফিরিলে যেদিন বীরের দল।