জীবনের দুঃখে শোকে তাপে ঋষির একটি বাণী চিত্তে মোর দিনে দিনে হয়েছে উজ্জ্বল-- আনন্দ-অমৃতরূপে বিশ্বের প্রকাশ। ক্ষুদ্র যত বিরুদ্ধ প্রমাণে মহানেরে খর্ব করা সহজ পটুতা। অন্তহীন দেশকালে পরিব্যাপ্ত সত্যের মহিমা যে দেখে অখণ্ড রূপে এ জগতে জন্ম তার হয়েছে সার্থক।
হোক খেলা, এ খেলায় যোগ দিতে হবে আনন্দকল্লোলাকুল নিখিলের সনে। সব ছেড়ে মৌনী হয়ে কোথা বসে রবে আপনার অন্তরের অন্ধকার কোণে! জেনো মনে শিশু তুমি এ বিপুল ভবে অনন্ত কালের কোলে, গগনপ্রাঙ্গণে-- যত জান মনে কর কিছুই জান না। বিনয়ে বিশ্বাসে প্রেমে হাতে লহ তুলি বর্ণগন্ধগীতময় যে মহা-খেলনা তোমারে দিয়াছে মাতা; হয় যদি ধূলি হোক ধূলি, এ ধূলির কোথায় তুলনা! থেকো না অকালবৃদ্ধ বসিয়া একেলা-- কেমনে মানুষ হবে না করিলে খেলা!