কে নিল খোকার ঘুম হরিয়া। মা তখন জল নিতে ও পাড়ার দিঘিটিতে গিয়াছিল ঘট কাঁখে করিয়া।-- তখন রোদের বেলা সবাই ছেড়েছে খেলা, ও পারে নীরব চখা-চখীরা; শালিক থেমেছে ঝোপে, শুধু পায়রার খোপে বকাবকি করে সখা-সখীরা; তখন রাখাল ছেলে পাঁচনি ধুলায় ফেলে ঘুমিয়ে পড়েছে বটতলাতে; বাঁশ-বাগানের ছায়ে এক-মনে এক পায়ে খাড়া হয়ে আছে বক জলাতে। সেই ফাঁকে ঘুমচোর ঘরেতে পশিয়া মোর ঘুম নিয়ে উড়ে গেল গগনে, মা এসে অবাক রয়, দেখে খোকা ঘর-ময় হামাগুড়ি দিয়ে ফিরে সঘনে। আমার খোকার ঘুম নিল কে। যেথা পাই সেই চোরে বাঁধিয়া আনিব ধরে, সে লোক লুকাবে কোথা ত্রিলোকে। যাব সে গুহার ছায়ে কালো পাথরের গায়ে কুলু কুলু বহে যেথা ঝরনা। যাব সে বকুলবনে নিরিবিলি সে বিজনে ঘুঘুরা করিছে ঘর-করনা। যেখানে সে-বুড়া বট নামায়ে দিয়েছে জট, ঝিল্লি ডাকিছে দিনে দুপুরে, যেখানে বনের কাছে বনদেবতারা নাচে চাঁদিনিতে রুনুঝুনু নূপুরে, যাব আমি ভরা সাঁঝে সেই বেণুবন-মাঝে আলো যেথা রোজ জ্বালে জোনাকি-- শুধাব মিনতি করে, "আমাদের ঘুমচোরে তোমাদের আছে জানাশোনা কি।' কে নিল খোকার ঘুম চুরায়ে। কোনোমতে দেখা তার পাই যদি একবার লই তবে সাধ মোর পুরায়ে। দেখি তার বাসা খুঁজি কোথা ঘুম করে পুঁজি, চোরা ধন রাখে কোন্ আড়ালে। সব লুঠি লব তার, ভাবিতে হবে না আর খোকার চোখের ঘুম হারালে ডানা দুটি বেঁধে তারে নিয়ে যাব নদীপারে সেখানে সে ব'সে এক কোণেতে জলে শরকাঠি ফেলে মিছে মাছ-ধরা খেলে দিন কাটাইবে কাশবনেতে। যখন সাঁঝের বেলা ভাঙিবে হাটের মেলা ছেলেরা মায়ের কোল ভরিবে, সারা রাত টিটি-পাখি টিটকারি দিবে ডাকি-- "ঘুমচোরা কার ঘুম হরিবে।'
জানি সখা অভাগীরে ভালো তুমি বাস না ছেড়েছি ছেড়েছি নাথ তব প্রেম-কামনা -- এক ভিক্ষা মাগি হায় -- নিরাশ কোরো না তায় শেষ ভিক্ষা শেষ আশা -- অন্তিম বাসনা -- এ জন্মের তরে সখা -- আর তো হবে না দেখা তুমি সুখে থেকো নাথ কী কহিব আর একবার বোসো হেথা ভালো করে কও কথা যে নামে ডাকিতে সখা ডাকো একবার -- ওকি সখা কেঁদোনাকো -- দুখিনীর কথা রাখো আমি গেলে বলো নাথ -- কী ক্ষতি তাহার? যাই সখা যাই তবে -- ছাড়ি তোমাদের সবে -- সময় আসিছে কাছে বিদায় বিদায় ট্ট
অচেনাকে ভয় কী আমার ওরে। অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে। জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না, চিহ্নহারা পথে আমায় টানবে অচিন-ডোরে। ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে। সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে। অচেনা এই ভুবন-মাঝে কত সুরেই হৃদয় বাজে, অচেনা এই জীবন আমার-- বেড়াই তারি ঘোরে।