দুটি বোন তারা হেসে যায় কেন যায় যবে জল আনতে? দেখেছে কি তারা পথিক কোথায় দাঁড়িয়ে পথের প্রান্তে? ছায়ায় নিবিড় বনে যে আছে আঁধার কোণে তারে যে কখন কটাক্ষে চায় কিছু তো পারি নে জানতে। দুটি বোন তারা হেসে যায় কেন যায় যবে জল আনতে? দুটি বোন তারা করে কানাকানি কী না জানি জল্পনা! গুঞ্জনধ্বনি দূর হতে শুনি, কী গোপন মন্ত্রণা! আসে যবে এইখানে চায় দোঁহে দোঁহাপানে, কাহারো মনের কোনো কথা তারা করেছে কি কল্পনা? দুটি বোন তারা করে কানাকানি কী না জানি জল্পনা! এইখানে এসে ঘট হতে কেন জল উঠে উচ্ছলি? চপল চক্ষে তরল তারকা কেন উঠে উজ্জ্বলি? যেতে যেতে নদীপথে জেনেছে কি কোনোমতে কাছে কোথা এক আকুল হৃদয় দুলে উঠে চঞ্চলি? এইখানে এসে ঘট হতে জল কেন উঠে উচ্ছলি? দুটি বোন তারা হেসে যায় কেন যায় যবে জল আনতে? বটের ছায়ায় কেহ কি তাদের পড়েছে চোখের প্রান্তে? কৌতুকে কেন ধায় সচকিত দ্রুত পায়? কলসে কাঁকন ঝলকি ঝনকি ভোলায় রে দিক্ভ্রান্তে। দুটি বোন তারা হেসে যায় কেন যায় যবে জল আনতে?
দূর মন্দিরে সিন্ধুকিনারে পথে চলিয়াছ তুমি। আমি তরু মোর ছায়া দিয়ে তারে মৃত্তিকা তার চুমি। হে তীর্থগামী, তব সাধনার অংশ কিছু-বা রহিল আমার, পথপাশে আমি তব যাত্রার রহিব সাক্ষীরূপে। তোমার পূজায় মোর কিছু যায় ফুলের গন্ধধূপে। তব আহ্বানে বরণ করিয়া নিয়েছি দুর্গমেরে। ক্লান্তি কিছু-বা নিলাম হরিয়া মোর অঞ্চল-ঘেরে। যা ছিল কঠোর, যাহা নিষ্ঠুর তার সাথে কিছু মিলাই মধুর, যা ছিল অজানা, যাহা ছিল দূর আমি তারি মাঝে থেকে দিনু পথ-'পরে শ্যাম অক্ষরে জানার চিহ্ন এঁকে। মোর পরিচয়ে তোমার পথের কিছু রহে পরিচয়। তব রচনায় তব ভকতের কিছু বাণী মিশে রয়। তোমার মধ্যদিবসের তাপে আমার স্নিগ্ধ কিশলয় কাঁপে, মোর পল্লব সে মন্ত্র জাপে গভীর যা তব মনে, মোর ফলভার মিলানু তোমার সাধনফলের সনে। বেলা চলে যাবে, একদা যখন ফুরাবে যাত্রা তব, শেষ হবে যবে মোর প্রয়োজন হেথাই দাঁড়ায়ে রব। এই পথখানি রবে মোর প্রিয়, এই হবে মোর চিরবরণীয়, তোমারি স্মরণে রব স্মরণীয়, না মানিব পরাভব। তব উদ্দেশে অর্পিব হেসে যা-কিছু আমার সব।