এ কথা সে কথা মনে আসে, বর্ষাশেষে শরতের মেঘ যেন ফিরিছে বাতাসে। কাজের বাঁধনহারা শূন্যে করে মিছে আনাগোনা; কখনো রুপালি আঁকে, কখনো ফুটায়ে তোলে সোনা। অদ্ভুত মূর্তি সে রচে দিগন্তের কোণে, রেখার বদল করে পুনঃ পুনঃ যেন অন্যমনে। বাষ্পের সে শিল্পকাজ যেন আনন্দের অবহেলা-- কোনোখানে দায় নেই, তাই তার অর্থহীন খেলা। জাগার দায়িত্ব আছে, কাজ নিয়ে তাই ওঠাপড়া। ঘুমের তো দায় নেই, এলোমেলো স্বপ্ন তাই গড়া। মনের স্বপ্নের ধাত চাপা থাকে কাজের শাসনে, বসিতে পায় না ছুটি স্বরাজ-আসনে। যেমনি সে পায় ছাড়া খেয়ালে খেয়ালে করে ভিড়, স্বপ্ন দিয়ে রচে যেন উড়ুক্ষু পাখির কোন্ নীড়। আপনার মাঝে তাই পেতেছি প্রমাণ-- স্বপ্নের এ পাগলামি বিশ্বের আদিম উপাদান। তাহারে দমনে রাখে, ধ্রুব করে সৃষ্টির প্রণালী কর্তৃত্ব প্রচণ্ড বলশালী। শিল্পের নৈপুণ্য এই উদ্দামেরে শৃঙ্খলিত করা, অধরাকে ধরা।
আরো চাই যে, আরো চাই গো- আরো যে চাই। ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই। সকালবেলার আলোয় ভরা এই যে আকাশ-বসুন্ধরা এরে আমার জীবন-মাঝে কুড়ানো চাই-- সকল ধন যে বাইরে আমার, ভিতরে নাই। ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই। প্রাণের বীণায় আরো আঘাত আরো যে চাই। গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই। দিন-রজনীর বাঁশি পুরে যে গান বাজে অসীম সুরে, তারে আমার প্রাণের তারে বাজানো চাই। আপন গান যে দূরে তাহার নিয়ড়ে নাই। গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই।