তোমার মাঝে আমারে পথ ভুলিয়ে দাও গো, ভুলিয়ে দাও। বাঁধা পথের বাঁধন হতে টলিয়ে দাও গো, দুলিয়ে দাও। পথের শেষে মিলবে বাসা সে কভু নয় আমার আশা, যা পাব তা পথেই পাব- দুয়ার আমার খুলিয়ে দাও। কেউ বা ওরা ঘরে ব'সে ডাকে মোরে পুঁথির পাতায়। কেউ বা ওরা অন্ধকারে মন্ত্র প'ড়ে মনকে মাতায়। ডাক শুনেছি সকলখানে সে কথা যে কেউ না মানে; সাহস আমার বাড়িয়ে দিয়ে পরশ তোমার বুলিয়ে দাও।
আমার দিনের শেষ ছায়াটুকু মিশাইলে মূলতানে-- গুঞ্জন তার রবে চিরদিন, ভুলে যাবে তার মানে। কর্মক্লান্ত পথিক যখন বসিবে পথের ধারে এই রাগিণীর করুণ আভাস পরশ করিবে তারে, নীরবে শুনিবে মাথাটি করিয়া নিচু; শুধু এইটুকু আভাসে বুঝিবে, বুঝিবে না আর কিছু-- "বিস্মৃত যুগে দুর্লভ ক্ষণে বেঁচেছিল কেউ বুঝি, আমরা যাহার খোঁজ পাই নাই তাই সে পেয়েছে খুঁজি।'