ভিমরুলে মৌমাছিতে হল রেষারেষি, দুজনায় মহাতর্ক শক্তি কার বেশি। ভিমরুল কহে, আছে সহস্র প্রমাণ তোমার দংশন নহে আমার সমান। মধুকর নিরুত্তর ছলছল-আঁখি-- বনদেবী কহে তারে কানে কানে ডাকি, কেন বাছা, নতশির! এ কথা নিশ্চিত বিষে তুমি হার মানো, মধুতে যে জিত।
মহারাজা ভয়ে থাকে পুলিশের থানাতে, আইন বানায় যত পারে না তা মানাতে। চর ফিরে তাকে তাকে-- সাধু যদি ছাড়া থাকে খোঁজ পেলে নৃপতিরে হয় তাহা জানাতে, রক্ষা করিতে তারে রাখে জেলখানাতে।