গানগুলি মোর বিষে ঢালা কী হবে আর তাহা বই? ফুটন্ত এ প্রাণের মাঝে বিষ ঢেলেছে বিষময়ী! গানগুলি মোর বিষেঢালা, কী হবে আর তাহা বই? বুকের মধ্যে সর্প আছে, তুমিও সেথা আছে অয়ি!
আবার শ্রাবণ হয়ে এলে ফিরে, মেঘ-আঁচলে নিলে ঘিরে। সূর্য হারায়, হারায় তারা, আঁধারে পথ হয় যে হারা, ঢেউ দিয়েছে নদীর নীরে। সকল আকাশ, সকল ধরা, বর্ষণেরি বাণী-ভরা। ঝরঝর ধারায় মাতি বাজে আমার আঁধার রাতি, বাজে আমার শিরে শিরে।