তারা তোমার নামে বাটের মাঝে মাসুল লয় যে ধরি। দেখি শেষে ঘাটে এসে নাইকো পারের কড়ি। তারা তোমার কাজের তানে নাশ করে গো ধনে প্রাণে, সামান্য যা আছে আমার লয় তা অপহরি। আজকে আমি চিনেছি সেই ছদ্মবেশী-দলে। তারাও আমায় চিনেছে হায় শক্তিবিহীন ব'লে। গোপন মূর্তি ছেড়েছে তাই, লজ্জা শরম আর কিছু নাই, দাঁড়িয়েছে আজ মাথা তুলে পথ অবরোধ করি।
আমি আমায় করব বড়ো এই তো আমার মায়া-- তোমার আলো রাঙিয়ে দিয়ে ফেলব রঙিন ছায়া। তুমি তোমায় রাখবে দূরে, ডাকবে তারে নানা সুরে, আপনারি বিরহ তোমার আমায় নিল কায়া। বিরহ-গান উঠল বেজে বিশ্বগগনময়। কত রঙের কান্নাহাসি কতই আশা-ভয়। কত যে ঢেউ ওঠে পড়ে, কত স্বপন ভাঙে গড়ে, আমার মাঝে রচিলে যে আপন পরাজয়। এই যে তোমার আড়ালখানি দিলে তুমি ঢাকা, দিবানিশির তুলি দিয়ে হাজার ছবি আঁকা-- এরি মাঝে আপনাকে যে বাঁধা রেখে বসলে সেজে, সোজা কিছু রাখলে না, সব মধুর বাঁকে বাঁকা। আকাশ জুড়ে আজ লেগেছে তোমার আমার মেলা। দূরে কাছে ছড়িয়ে গেছে তোমার আমার খেলা। তোমার আমার গুঞ্জরণে বাতাস মাতে কুঞ্জবনে, তোমার আমার যাওয়া-আসায় কাটে সকল বেলা।