আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে দুঃখসুখের-ঢেউ-খেলানো এই সাগরের তীরে। আবার জলে ভাসাই ভেলা, ধুলার 'পরে করি খেলা, হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ন-নীরে। কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি-- আঘাত খেয়ে বাঁচি কিম্বা আঘাত খেয়ে মরি। আবার তুমি ছদ্মবেশে আমার সাথে খেলাও হেসে, নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে।
জানি আমি সুখে দুঃখে হাসি ও ক্রন্দনে পরিপূর্ণ এ জীবন, কঠোর বন্ধনে ক্ষতচিহ্ন পড়ে যায় গ্রন্থিতে গ্রন্থিতে, জানি আমি, সংসারের সমুদ্র মন্থিতে কারো ভাগ্যে সুধা ওঠে, কারো হলাহল। জানি না কেন এ সব, কোন্ ফলাফল আছে এই বিশ্বব্যাপী কর্মশৃঙ্খলার। জানি না কী হবে পরে, সবি অন্ধকার আদি অন্ত এ সংসারে-- নিখিল দুঃখের অন্ত আছে কি না আছে, সুখ-বুভুক্ষের মিটে কি না চির-আশা। পণ্ডিতের দ্বারে চাহি না এ জনমরহস্য জানিবারে। চাহি না ছিঁড়িতে একা বিশ্বব্যাপী ডোর, লক্ষ কোটি প্রাণী-সাথে এক গতি মোর।