যারা কাছে আছে তারা কাছে থাক্, তারা তো পাবে না জানিতে তাহাদের চেয়ে তুমি কাছে আছ আমার হৃদয়খানিতে। যারা কথা বলে তাহারা বলুক, আমি কাহারেও করি না বিমুখ-- তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে। নীরবে নিয়ত রয়েছ আমার নীরব হৃদয়খানিতে। তোমার লাগিয়া কারেও, হে প্রভু, পথ ছেড়ে দিতে বলিব না কভু-- যত প্রেম আছে সব প্রেম মোরে তোমা-পানে রবে টানিতে। সকলের প্রেমে রবে তব প্রেম আমার হৃদয়খানিতে। সবার সহিতে তোমার বাঁধন, হেরি যেন সদা এ মোর সাধন, সবার সঙ্গ পারে যেন মনে তব আরাধনা আনিতে। সবার মিলনে তোমার মিলন জাগিবে হৃদয়খানিতে।
হাসির কুসুম আনিল সে ডালি ভরি, আমি আনিলাম দুখবাদলের ফল। শুধালেম তারে, "যদি এ বদল করি হার হবে কার বল্।' হাসি কৌতুকে কহিল সে সুন্দরী, "এসো-না, বদল করি। দিয়ে মোর হার লব ফলভার অশ্রুর রসে ভরা।' চাহিয়া দেখিনু মুখপানে তার নিদয়া সে মনোহরা। সে লইল তুলে আমার ফলের ডালা, করতালি দিল হাসিয়া সকৌতুকে। আমি লইলাম তাহার ফুলের মালা, তুলিয়া ধরিনু বুকে। "মোর হল জয়' হেসে হেসে কয়, দূরে চলে গেল ত্বরা। উঠিল তপন মধ্যগগনদেশে, আসিল দারুণ খরা-- সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে ফুলগুলি সব ঝরা।