প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে; অনেক দেরি হয়ে গেল, দোষী অনেক দোষে। বিধিবিধান-বাঁধনডোরে ধরতে আসে, যাই সে সরে, তার লাগি যা শাস্তি নেবার নেব মনের তোষে। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। লোকে আমায় নিন্দা করে, নিন্দা সে নয় মিছে, সকল নিন্দা মাথায় ধরে রব সবার নীচে। শেষ হয়ে যে গেল বেলা, ভাঙল বেচা-কেনার মেলা, ডাকতে যারা এসেছিল ফিরল তারা রোষে। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে।
ফুল তো আমার ফুরিয়ে গেছে, শেষ হল মোর গান-- এবার প্রভু, লও গো শেষের দান। অশ্রুজলের পদ্মখানি চরণতলে দিলাম আনি-- ওই হাতে মোর হাত দুটি লও, লও গো আমার প্রাণ। এবার প্রভু, লও গো শেষের দান। ঘুচিয়ে লও গো সকল লজ্জা, চুকিয়ে লও গো ভয়। বিরোধ আমার যত আছে সব করে লও জয়। লও গো আমার নিশীথরাতি, লও গো আমার ঘরের বাতি, লও গো আমার সকল শক্তি-- সকল অভিমান। এবার প্রভু, লও গো শেষের দান।