ওগো মৌন, না যদি কও না-ই কহিলে কথা। বক্ষ ভরি বইব আমি তোমার নীরবতা। স্তব্ধ হয়ে রইব পড়ে, রজনী রয় যেমন করে জ্বালিয়ে তারা নিমেষহারা ধৈর্যে অবনতা। হবে হবে প্রভাত হবে আঁধার যাবে কেটে। তোমার বাণী সোনার ধারা পড়বে আকাশ ফেটে। তখন আমার পাখির বাসায় জাগবে কি গান তোমার ভাষায়। তোমার তানে ফোটাবে ফুল আমার বনলতা?
সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। সবারে ডাকিয়া কহিব, যেদিন পাব তব পদরেণুকণা। তব আহ্বান আসিবে যখন সে কথা কেমনে করিব গোপন? সকল বাক্যে সকল কর্মে প্রকাশিবে তব আরাধনা। সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। যত মান আমি পেয়েছি যে কাজে সেদিন সকলি যাবে দূরে। শুধু তব মান দেহে মনে মোর বাজিয়া উঠিবে এক সুরে। পথের পথিক সেও দেখে যাবে তোমার বারতা মোর মুখভাবে ভবসংসারবাতায়নতলে বসে রব যবে আনমনা। সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না।