জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। মুক্তি চাহিবারে তোমার কাছে যাই চাহিতে গেলে মরি লাজে। জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমন ধন আর নাহি যে তোমা-সম, তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা ফেলিয়া দিতে পারি না যে। তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া মরণ আনে রাশি রাশি, আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি তবুও তাই ভালোবাসি। এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি, কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি, আমার ভালো তাই চাহিতে যবে যাই ভয় যে আসে মনোমাঝে।
না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন-- সেখানে যে মধুর বেশে ফাঁদ পেতে রয় সুখের বাঁধন। ভেবেছিলি দিনের শেষে তপ্ত পথের প্রান্তে এসে সোনার মেঘে মিলিয়ে যাবে সারা দিনের সকল কাঁদন। না রে, না রে, হবে না তোর হবে না তা-- সন্ধ্যাতারার হাসির নীচে হবে না তোর শয়ন পাতা। পথিক বঁধু পাগল ক'রে পথে বাহির করবে তোরে, হৃদয় যে তোর ফেটে গিয়ে ফুটবে তবে তাঁর আরাধন।