বাঁধা দিলে বাধবে লড়াই, মরতে হবে। পথ জুড়ে কী করবি বড়াই? সরতে হবে। লুঠ-করা ধন ক'রে জড়ো কে হতে চাস সবার বড়ো, এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে। নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে।
নীচে বসে আছিস কে রে, কাঁদিস কেন। লজ্জা-ডোরে আপনাকে রে বাঁধিস কেন। ধনী যে তুই দুঃখধনে সেই কথাটি রাখিস মনে, ধুলার 'পরে স্বর্গ তোমায় গড়তে হবে। বিনা অস্ত্র বিনা সহায় লড়তে হবে।
কহিল কাঁসার ঘটি খন্ খন্ স্বর-- কূপ,তুমি কেন খুড়া হলে না সাগর? তাহা হলে অসংকোচে মারিতাম ডুব, জল খেয়ে লইতাম পেট ভরে খুব। কূপ কহে,সত্য বটে ক্ষুদ্র আমি কূপ, সেই দুঃখে চিরদিন করে আছি চুপ। কিন্তু বাপু , তার লাগি তুমি কেন ভাব! যতবার ইচ্ছা যায় ততবার নাবো-- তুমি যত নিতে পার সব যদি নাও তবু আমি টিঁকে রব দিয়ে-থুয়ে তাও।