কাহার গলায় পরাবি গানের রতনহার, তাই কি বীণায় লাগালি যতনে নূতন তার ॥ কানন পরেছে শ্যামল দুকূল, আমের শাখাতে নূতন মুকুল, নবীনের মায়া করিল আকুল হিয়া তোমার ॥ যে কথা তোমার কোনো দিন আর হয় নি বলা নাহি জানি কারে তাই বলিবারে করে উতলা! দখিনপবনে বিহ্বলা ধরা কাকলিকূজনে হয়েছে মুখরা, আজি নিখিলের বাণীমন্দিরে খুলেছে দ্বার ॥
হে সখা, মম হৃদয়ে রহো। সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো ॥ নাথ, তুমি এসো ধীরে সুখ-দুখ-হাসি-নয়ননীরে, লহো আমার জীবন ঘিরে-- সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো ॥