সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি পরের মন নিয়ে কী হবে। আপন মন যদি বুঝিতে নারি, পরের মন বুঝে কে কবে। অবোধ মন লয়ে ফিরি ভবে, বাসনা ফাঁদে প্রাণে হা হা রবে, এ মন দিতে চাও দিয়ে ফেলো কেন গো নিতে চাও মন তবে। স্বপন সম সব জানিয়ো মনে, তোমার কেহ নাই এ ত্রিভুবনে; যে জন ফিরিতেছে আপন আশে, তুমি ফিরিছ কেন তাহার পাশে। নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও। তোমারে মুখ তুলে চাহে না যে, থাক্ সে আপনার গরবে।
দোষী করিব না, করিব না তোমারে আমি নিজেরে নিজে করি ছলনা। মনে মনে ভাবি ভালোবাসো, মনে মনে বুঝি তুমি হাসো, জান এ আমার খেলা-- এ আমার মোহের রচনা ॥ সন্ধ্যামেঘের রাগে অকারণে ছবি জাগে, সেইমতো মায়ার আভাসে মনের আকাশে হাওয়ায় হাওয়ায় ভাসে শূন্যে শূন্যে ছিন্নলিপি মোর বিরহমিলনকল্পনা ॥