ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি, যা উড়ে যা উড়ে যা রে একাকী॥ বাজবে তোর পায়ে সেই বন্ধ, পাখাতে পাবি আনন্দ, দিশাহারা মেঘ যে গেল ডাকি॥ নির্মল দুঃখ যে সেই তো মুক্তি নির্মল শূন্যের প্রেমে-- আত্মবিড়ম্বনা দারুণ লজ্জা, নিঃশেষে যাক সে থেমে। দুরাশায় যে মরাবাঁচায় এত দিন ছিলি তোর খাঁচায়, ধুলিতলে তারে যাবি রাখি॥
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। মুক্তি চাহিবারে তোমার কাছে যাই চাহিতে গেলে মরি লাজে। জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমন ধন আর নাহি যে তোমা-সম, তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা ফেলিয়া দিতে পারি না যে॥ তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া মরণ আনে রাশি রাশি, আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি তবুও তাই ভালোবাসি। এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি, কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি, আমার ভালো তাই চাহিতে যবে যাই ভয় যে আসে মনোমাঝে॥