গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। না না না, রবে না গোপনে॥ বিভল হাসিতে বাজিল বাঁশিতে, স্ফুরিল অধরে নিভৃত স্বপনে-- না না না, রবে না গোপনে॥ মধুপ গুঞ্জরিল, মধুর বেদনায় আলোক-পিয়াসি অশোক মুঞ্জরিল। হৃদয়শতদল করিছে টলমল অরুণ প্রভাতে করুণ তপনে। না না না, রবে না গোপনে॥
এ তো খেলা নয়, খেলা নয়-- এ যে হৃদয়দহনজ্বালা সখী॥ এ যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা, এ যে, কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা॥ কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে, যাই-যাই করে প্রাণ, যেতে পারি নে। যে-কথা বলিতে চাহি, তা বুঝি বলিতে নাহি-- কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা। যতনে গাঁথিয়ে শেষে, পরাতে পারি নে মালা।