আর নহে, আর নহে-- বসন্তবাতাস কেন আর শুষ্ক ফুলে বহে॥ লগ্ন গেল বয়ে সকল আশা লয়ে, এ কোন্ প্রদীপ জ্বালো এ যে বক্ষ আমার দহে॥ কানন মরু হল, আজ এই সন্ধ্যা-অন্ধকারে সেথায় কী ফুল তোলো। কাহার ভাগ্য হতে বরণমালা হরণ করো, ভাঙা ডালি ভরো-- মিলনমালার কণ্টকভার কণ্ঠে কি আর সহে॥
কোন্ সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল, প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল। নব প্রভাতের তারা সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা। অমরাবতীর সুরযুবতীর এ ছিল কানের দুল। এ যে মুকুটশোভার ধন— হায় গো দরদী কেহ থাক যদি, শিরে দাও পরশন। এ কি স্রোতে যাবে ভেসে দূরদয়াহীন দেশে— জানি নে, কে জানে দিন-অবসানে কোন্খানে পাবে কূল॥