অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান— বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ ।। হা রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিল আমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে যে গান গেয়েছি সে গান শুনিয়া জগত চমকি উঠিয়াছিল ।। আমি অর্জুনেরে— আমি যুধিষ্ঠিরে করিয়াছি স্তনদান । এই কোলে বসি বাল্মীকি করেছে পুণ্য রামায়ণ গান । আজ অভাগিনী— আজ অনাথিনী ভয়ে ভয়ে ভয়ে লুকায়ে লুকায়ে নীরবে নীরবে কাঁদি, পাছে জননীর রোদন শুনিয়া একটি সন্তান উঠে রে জাগিয়া ! কাঁদিতেও কেহ দেয় না বিধি ।। হায় রে বিধাতা, জানেনা তাহারা সে দিন গিয়াছে চলি যে দিন মুছিতে বিন্দু-অশ্রুধার কত-না করিত সন্তান আমার— কত-না শোণিত দিত রে ঢালি ।।
ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি। ঢাকা থাকে না হায় গো, তারে রাখতে নারি টানি॥ আমার রইল না লাজলজ্জা, আমার ঘুচল গো সাজসজ্জা-- তুমি দেখলে আমারে এমন প্রলয়-মাঝে আনি আমায় এমন মরণ হানি॥ হঠাৎ আকাশ উজলি কারে খুঁজে কে ওই চলে, চমক লাগায় বিজুলি আমার আঁধার ঘরের তলে। তবে নিশীথগগন জুড়ে আমার যাক সকলই উড়ে, এই দারুণ কল্লোলে বাজুক আমার প্রাণের বাণী কোনো বাঁধন নাহি মানি॥
এখন আমার সময় হল, যাবার দুয়ার খোলো খোলো ॥ হল দেখা, হল মেলা, আলোছায়ায় হল খেলা-- স্বপন যে সে ভোলো ভোলো ॥ আকাশ ভরে দূরের গানে, অলখ দেশে হৃদয় টানে। ওগো সুদূর, ওগো মধুর, পথ বলে দাও পরানবঁধুর-- সব আবরণ তোলো তোলো ॥