এই কথাটা ধরে রাখিস-- মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পারের পানে সে পথে তোর যেতেই হবে ॥ অভয় মনে কণ্ঠ ছাড়ি গান গেয়ে তুই দিবি পাড়ি, খুশি হয়ে ঝড়ের হাওয়ায় ঢেউ যে তোরে খেতেই হবে। পাকের ঘোরে ঘোরায় যদি, ছুটি তোরে পেতেই হবে। চলার পথে কাঁটা থাকে, দ'লে তোমায় যেতেই হবে। সুখের আশা আঁকড়ে লয়ে মরিস নে তুই ভয়ে ভয়ে, জীবনকে তোর ভ'রে নিতে মরণ-আঘাত খেতেই হবে ॥
আরে , কী এত ভাবনা কিছু তো বুঝি না। সময় বহে যায় যে। কখন্ এনেছি মোরা , এখনো তো হল না। এ কেমন রীতি তব বাহ্ রে। না না হবে না , এ বলি হবে না– অন্য বলির তরে যা রে যা। অন্য বলি এ রাতে কোথা মোরা পাব ! এ কেমন কথা কও , বাহ্ রে।।
আমার জ্বলে নি আলো অন্ধকারে দাও না সাড়া কি তাই বারে বারে॥ তোমার বাঁশি আমার বাজে বুকে কঠিন দুখে, গভীর সুখে-- যে জানে না পথ কাঁদাও তারে॥ চেয়ে রই রাতের আকাশ-পানে, মন যে কী চায় তা মনই জানে। আশা জাগে কেন অকারণে আমার মনে ক্ষণে ক্ষণে, ব্যথার টানে তোমায় আনবে দ্বারে॥