তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই-- কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥ মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥ হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে-- নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥
অচেনাকে ভয় কী আমার ওরে? অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ॥ জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না, চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ॥ ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে। সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে। অচেনা এই ভুবন মাঝে কত সুরেই হৃদয় বাজে-- অচেনা এই জীবন আমার, বেড়াই তারি ঘোরে ॥