উদাসিনী -বেশে বিদেশিনী কে সে নাইবা তাহারে জানি, রঙে রঙে লিখা আঁকি মরীচিকা মনে মনে ছবিখানি॥ পুবের হাওয়ায় তরীখানি তার এই ভাঙা ঘাট কবে হল পার দূর নীলিমার বক্ষে তাহার উদ্ধত বেগ হানি॥ মুগ্ধ আলসে গণি একা বসে পলাতকা যত ঢেউ। যারা চলে যায় ফেরে না তো হায় পিছু-পানে আর কেউ। মনে জানি কারো নাগাল পাব না-- তবু যদি মোর উদাসী ভাবনা কোনো বাসা পায় সেই দুরাশায় গাঁথি সাহানায় বাণী॥
সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি পরের মন নিয়ে কী হবে। আপন মন যদি বুঝিতে নারি, পরের মন বুঝে কে কবে। অবোধ মন লয়ে ফিরি ভবে, বাসনা ফাঁদে প্রাণে হা হা রবে, এ মন দিতে চাও দিয়ে ফেলো কেন গো নিতে চাও মন তবে। স্বপন সম সব জানিয়ো মনে, তোমার কেহ নাই এ ত্রিভুবনে; যে জন ফিরিতেছে আপন আশে, তুমি ফিরিছ কেন তাহার পাশে। নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও। তোমারে মুখ তুলে চাহে না যে, থাক্ সে আপনার গরবে।